রাতের আঁধারে শিমগাছ কেটে দেওয়ার অভিযোগ, ৩–৪ লাখ টাকার ক্ষতির দাবি কৃষকের ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের প্রায় ৫০ শতক জমির শিমক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উৎপাদন খরচসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
এক রাতেই শেষ কৃষকের স্বপ্ন, নান্দাইলে ৫০ শতক শিমক্ষেত নষ্ট
রাতের আঁধারে শিমগাছ কেটে দেওয়ার অভিযোগ, ৩–৪ লাখ টাকার ক্ষতির দাবি কৃষকের ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের প্রায় ৫০ শতক জমির শিমক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উৎপাদন খরচসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া গ্রামে। ভুক্তভোগী কৃষক বাবুল মিয়া ওই গ্রামের মৃত খোশেদ ব্যাপারীর ছেলে।
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও পরিচর্যায় প্রায় ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছিলেন তিনি। ক্ষেতজুড়ে শিমের ফলনও ভালো হয়েছিল। ফসল বিক্রি করে পরিবারের প্রয়োজন মেটানোর স্বপ্ন দেখছিলেন তিনি। তবে রাতের আঁধারে দুর্বৃত্তরা সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ তাঁর।
বাবুল মিয়া জানান, রাতে কে বা কারা তাঁর শিমক্ষেতের গাছ কেটে দেয়। সকালে জমিতে গিয়ে তিনি গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। এতে তাঁর পুরো ফসল নষ্ট হয়ে গেছে।তিনি বলেন, “অনেক কষ্ট করে শিমের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। এখন সব শেষ। এতে আমার ৩ থেকে ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।”
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও আব্দুল গণি বলেন, একজন প্রান্তিক কৃষকের ফসল এভাবে নষ্ট করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে প্রশাসনকে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয়রা।এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণেরও দাবি করেছেন তিনি।তবে এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।